করোনা ভাইরাসে মৃত্যু ৭০ হাজার ছাড়ালো, চীনে ফের করোনার থাবা
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ১২ লাখের বেশি। সোমবার রাত ১০টা পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায়।

ওয়ার্ল্ড ও মিটারের ওয়েবসাইটে বলা হয়, এখন পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে ৭০ হাজার ১২ শ’ ৬৯ জন মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ১২ লাখ ৯৭ হাজার ৭৮ জন।
এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন। আক্রান্ত হয়েছে ১২৩ জন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে।
চীন দ্রুতই ভাইরাসটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর প্রাদুর্ভাব থেকে এখনও নিরাপদ হতে পারছে না।
দেশটিতে নতুন করে আবারও করোনা সংক্রমণ বাড়ছে। রবিবার (৫ এপ্রিল) দেশটিতে নতুন করে ৩১ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
আজ সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, রবিবার একদিনে নতুন করে কোনো ধরনের উপসর্গ ছাড়াই ৭৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর আগের দিন এ সংখ্যাটা ছিল ৪৭ জন।
গত বছরের শেষের দিকে চীনে করোনা প্রাদুর্ভাব শুরু হয়। চীন সরকারের তথ্য মতে, সেখানে সাড়ে তিন হাজার মানুষ মারা গেছে।

