টেকনাফে দুই লক্ষ ৮০ হাজার মালিকবিহীন ইয়াবা উদ্ধার
জিয়াবুল হক:
কক্সবাজার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার মেরিন ড্রাইভ ও সাবরাং ইউনিয়নের শাহপুরীদ্বীপের নাফনদীর প্যারাবন এলাকায় পৃথক দুটি অভিযানে দুই লক্ষ ৮০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে এক গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।
কোস্টগার্ড সুত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে কোস্ট গার্ড সদস্যের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা দুটি বস্তা ও একটি জেরিকেন ফেলে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দুটি ও জেরিকেন থেকে দুই লক্ষ ৮০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়নি।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া বলেন, ইয়াবাগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাচারের উদ্দেশে মিয়ানমার থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

