ফাইনালে কি খেলবেন ডি মারিয়া!
এই মুহূর্তে আর্জেন্টিনা দলে লিওনেল মেসির পরই বড় তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। টানা চার বিশ্বকাপে খেলছেন তিনি। তার গোলে আর্জেন্টিনার দুই শিরোপা। ২০০৮ সালের অলিম্পিক গেমস ফুটবলে স্বর্ণ এবং ২০২১ সালের কোপা আমেরিকা জয়। দুই ফাইনালেই তার গোল।

জন্মটা মেসির শহর রোজারিওতে। দুইজনেরই এটা শেষ বিশ্বকাপ। তবে প্রশ্ন হচ্ছে এবারের বিশ্বকাপের ফাইনালে কি খেলা হবে ডি মারিয়ার। ইনজুরির সাথে লড়তে হচ্ছে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। নেদারল্যান্ডের বিপক্ষে অতিরিক্তি সময়ে বদলী হিসেবে নামানো হয় তাকে। তবে সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোচ তাকে রিজার্ভ বেঞ্চেই রাখেন। তাই শংকা ফাইনালে খেলা হবে কিনা তার।
অবশ্য জানা গেছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়া এই ফুটবলার এখন ফিট। ফাইনালে তার উপস্থিতি ভীষণ জরুরি আর্জেন্টিনা দলের জন্য। ইনজুরির জন্য তিনি তিনটি ফাইনাল মিস করেছেন। আর কাকতালীয়ভাবে সেই তিন ফাইনালেই হার আর্জেন্টিনার।
আরও পড়ুন : ২ ফেবারিট দল ও ২ সেরা খেলোয়াড়ের ফাইনাল।
রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে দূর পাল্লার প্রচণ্ড শটে গোল করা ডি মারিয়া ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেননি। সেমিতে পাওয়া ইনজুরি তাকে মাঠের বাইরে রাখে। পরের বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে কিছুক্ষণ পরই মাঠ ছাড়তে বাধ্য হন। কারণ সেই ইনজুরি। সে ম্যাচে পরে টাইব্রেকারে হার আর্জেন্টিনার। ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালেও খেলা হয়নি তার। সমস্যা সেই পুরনো ইনজুরি। দ্বিতীয় রাউন্ডে পানামার বিপক্ষে পাওয়া ইনজুরি ফাইনালে তাকে দর্শক বানিয়ে রাখে। আর হারও মেসিদের।
এখন ডি মারিয়া যদি ১৮ ডিসেম্বর লুসাইলে খেলতে পারেন তাহলে তা হবে আর্জেন্টিনার জন্য বড় শক্তি। সাথে এই গ্রেট ফুটবলারের প্রথম বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্নও পূরণ হবে। কোয়ার্টার ফাইনালে বদলী হিসেবে নেমেই কাঁপন ধরিয়ে দেন ডাচদের ডিফেন্স লাইনে। তার বডি ডজ, গতি আর পায়ের কাজ এখনো ভয়ঙ্কর।

