মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেল হাজারো যাত্রী
এক লাইনে উঠে পড়েছিল দুটি ট্রেন। কিন্তু চালকের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটির হাজারো যাত্রী। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জগামী ৬ ডাউন মেইল ট্রেনটি আগে থেকে আড়ানী স্টেশনের ১নং লাইনে অবস্থান করছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিও একই লাইনে ঢুকে পড়ে। এতে দুই ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কপোতাক্ষ এক্সপ্রেসের চালক দক্ষতার সঙ্গে তার ট্রেনটি অন্য ট্রেনটি থেকে মাত্র ৩০ ফুট দূরে থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটির শত শত যাত্রী।

