অভিনেত্রী আশা রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত
রাজধানীর মিরপুরে সোমবার রাতে এক নারীর লাশ উদ্ধার করা হয়। সেই লাশের পরিচয় পেয়েছে পুলিশ। তিনি টিভি অভিনেত্রী আশা চৌধুরী।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দারুসসালাম থানার এসআই সোহান আহমেদ।
তিনি জানান, মিরপুরে টেকনিক্যাল মোড় সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্তের কাজ চলছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই জানান, একটি ট্রাক আশাকে ধাক্কা দিয়ে চলে যায়। সোমবার রাত ১টা থেকে ২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নাটোরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আশা।
এদিকে নাট্যনির্মাতা রোমান রুনি সংবাদমাধ্যমকে জানান, রাতে শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আশার মৃত্যু হয়।
শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ টেলিফিল্মের মাধ্যমে ছোটপর্দায় নাম লেখান আশা চৌধুরী। তারপর থেকেই নিয়মিতভাবে টিভিতে কাজ করে আসছিলেন তিনি।
প্রায় চার বছর আগে আশার টেলিভিশন নাটকের অভিনয়ে আসা। অভিনয়কেই সে পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন। শিল্পী হিসেবে বিটিভির তালিকাভুক্ত হয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নায়িকা নয়, একজন পেশাদার অভিনেত্রী হতে চেয়েছিলেন। অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ছিলেন তাঁর একমাত্র অনুপ্রেরণা। সেভাবেই শৈশব থেকে তিনি নিজেকে তৈরি করছিলেন।
এই অভিনেত্রী মারা যাওয়ার দুই দিন আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। নাটকে তাঁর সহশিল্পী ছিলেন সালাহউদ্দিন লাভলু এবং আনিসুর রহমান মিলন।
পারিবারিক সূত্রে জানা যায়, রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর লাশ হাসপাতালের মর্গেই আছে। সেখান থেকে তাঁদের রূপনগরের বাসায় নিয়ে যাওয়া হবে।
আশা সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছিলেন। তাঁর অভিনীত ছবিটির নাম ‘বাবা মেয়ে’। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত একাধিক নাটক এবং টেলিছবি। এর আগে আশা জাহিদ হাসানের সঙ্গে ‘ওল্ড ইজ গোল্ড’ নাটকে অভিনয় করেছেন। নাটকটির পরিচালক জয় সরকার।

