মাস্টার্স শেষ করে আবার সিনেমায় ব্যস্ত হচ্ছেন চিত্রনায়িকা শিরীন শিলা
ছোটবেলায় আইনি বিষয়ে পড়াশোনা করে ব্যারিস্টার হওয়ার স্বপ্ন ছিল চিত্রনায়িকা শিরীন শিলার। মা তাকে প্রায়ই বলতেন, বড় হলে তোকে আইন বিষয়ে পড়াশোনা করাব। কিন্তু শিলা যতই বড় হতে থাকলেন সেই পথ থেকে যেন একটু একটু করে সরে যেতে লাগলেন। মনের অজান্তেই অভিনয়ের পথে এগিয়ে যান।

অনেকটা হঠাৎ করেই সাদেক সিদ্দিকীর নির্দেশনায় একটি নাটকে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। তারপর সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ‘হিরো’ ও ‘বনমালা’ নাটকেও অভিনয় করেন। এরপর শুরু হয় চলচ্চিত্রে পথচলা।
শুরুতেই তিনি মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও শুটিং শুরুর এক মাস আগে বাদ পড়েন। কিন্তু থেমে থাকেননি শিরীন শিলা। চলচ্চিত্রে অভিনয় করতেই হবে- এমন মনোবাসনা নিয়ে এগিয়ে চলেন। আত্মবিশ্বাস তাকে চিত্রনায়িকা হিসেবে দর্শকদের সামনে নিয়ে এসেছে।
এখন পর্যন্ত তার অভিনীত চারটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সেগুলো হচ্ছে ওয়াজেদ আলী সুমনের ‘হিট ম্যান’, কাশেম মণ্ডলের ‘ক্ষণিকের ভালোবাসা’, শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’। বর্তমানে তিনি ব্যস্ত আছেন কয়েকটি চলচ্চিত্রের কাজ নিয়ে। কিছু কিছু চলচ্চিত্রের কাজ প্রায় শেষ। আবার কিছু চলচ্চিত্রের শুটিং শুরু হল মাত্র।
ছটকু আহমেদের ‘এক কোটি টাকা’, মো. আসলামের ‘আমার সিদ্ধান্ত’, ইমদাদুল হক খানের ‘মন নিয়ে লুকোচুরি’, মনতাজুর রহমান আকবরের ‘সরি’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ এবং শাহআলম মণ্ডলের ‘দম’ চলচ্চিত্রে কাজ করছেন শিরীন শিলা। এই ছয়টি চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করছেন ইমন, শাহরিয়াজ, বাপ্পী।
আরও নিউজ পড়ুন: ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে মামলা।
শিরীন শিলা বলেন, এক সময় শখের বশেই চলচ্চিত্রে অভিনয় করা শুরু করি। আর এখন চলচ্চিত্রে অভিনয়ই আমার পেশা হয়ে উঠেছে। নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এখনও কাজ করে যাচ্ছি। যারা আমাকে নিয়মিত সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞ আমি।
আর অবশ্যই ধন্যবাদ দিতে চাই রাশেদা চৌধুরী আন্টিকে। কারণ তিনিই আমাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন বলে আজ আমি চলচ্চিত্রে নায়িকা হয়ে কাজ করতে পারছি। দর্শকের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আগামীর দিনগুলো।

