যাত্রীভর্তি ট্রেন রেখে পালাল চালক, অবরুদ্ধ স্টেশন সুপার
বেশ কিছু দাবিতে দেশব্যাপী কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে গতকাল সোমবার মধ্যরাতের পর থেকেই বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এরইমধ্যে যাত্রী নিয়ে নেত্রকোনা মোহনগঞ্জ থেকে ট্রেন ছেড়ে আসলেও ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়েছেন চালক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনে থাকা প্রায় পাঁচ শতাধিক যাত্রী। পরে বিক্ষুব্ধ যাত্রীরা নিরুপায় হয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করেন।
এ ঘটনায় সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, যাত্রীরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দেখছি কী করা যায়। চালকের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না। সে আমাকে ফাঁসিয়ে গা ঢাকা দিয়েছে।
পরে হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রী জুবায়ের আহমেদ বলেন, অসুস্থ ফুপাকে নিয়ে হাওর এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় যাচ্ছি। কিন্তু ট্রেনটি মোহনগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহ পৌঁছালেও এখন ঢাকার উদ্দেশ্য যাচ্ছে না। ট্রেনটি রেখে নাকি চালক পালিয়েছে, তাই সবাই স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রেখেছে। খুব বিপাকের মধ্যে পড়েছি।
এ বিষয়ে আরেক যাত্রী হাসানুল হক বলেন, ঢাকা যাবে না ভালো কথা, তাহলে সকাল ৮টায় মোহনগঞ্জ থেকে কেন ছাড়লো তাহলে- কেন টিকিটের টাকাও পাচ্ছি না। তাই স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রেখেছি। সমাধান না দেওয়া পর্যন্ত তাকে ছাড়া হবে না।

