খুলনা খালিশপুরে জুয়েলার্স দোকানে চুরি
খুলনা প্রতিনিধিঃ
খালিশপুরে আপন
জুয়েলার্স নামক স্বর্ণের দোকানে বৃহস্পতিবার রাতে চুরি সংঘটিত হয়। চোরেরা দেওয়াল
ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে ২৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
দোকান
মালিক সুবল দত্ত জানান, প্রতিদিনের ন্যায় পরশু রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে
যাওয়া হয়। গতকাল সকাল ১০টায় দোকানের সার্টার খোলার পর
বিষয়টি ধরা পড়ে। চোরেরা দোকানের পাকা দেওয়াল ভেঙে ভেতরে
প্রবেশ করে। এ সময় তারা সিসি ক্যামেরা ভেঙে ফেলে। চোরেরা সিন্দুক
ভাঙতে ব্যর্থ হয়ে শুধু শোকেসে সাজানো স্বর্ণালঙ্কার নিয়ে যায়। যার ওজন হবে ৫২
ভরি। বাজার মূল্য
প্রায় ২৫ লাখ টাকা। খবর শুনে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। এ সময় তারা
দোকানের দু কর্মচারী চয়ন কুমার ঘোষ ও শিপলু দাসকে আটক করে থানায় নিয়ে যায়। খালিশপুর থানার
অফিসার্স ইনচার্জ সাব্বিরুল আলম বলেন, এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত মামলা হয়নি। আটক দুই
কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ
জুয়েলার্স সমিতি খালিশপুর থানা শাখার সাঃ সম্পাদক শফিকুল ইসলাম অভি বলেন, এ পর্যন্ত
বিআইডিসি সড়কে ১৫ থেকে ২০টি জুয়েলারি দোকানে চুরি হলেও একটিরও রহস্য উন্মোচন
হয়নি। এতে করে ওই রোডের স্বর্ণ ব্যবসায়ীরা আতঙ্কের
মধ্যে দিনাতিপাত করছে।

